নিখোঁজের দু’দিন পর হাওর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ২০:২৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাওর এলাকা থেকে রাসেল আহমদ নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করছে পুলিশ। নিখোঁজের দু’দিন পর তার মরদেহ পাওয়া গেলো হওরের পানিতে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) সকালে নৌকা নিয়ে কাদিপুরের আমতৈলের হাওর এলাকায় কয়েকজন কৃষক ঘাস কাটতে যান। তারা রাসেলের লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, গত বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে পাশের একটি কালভার্টের ওপরে বসে সিগারেট খাচ্ছিলেন রাসেল। এর পরে আর বাড়ি ফিরে যাননি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে বলে পুলিশের ধারণা। তবে এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

