রিজেন্ট গ্রুপের ৪৮ চেকসহ আটক ২, রিমান্ডে চায় পুলিশ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৪:২০
সাভার প্রতিনিধি: রাজধানীর সন্নিকটে সাভারের শুলিয়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল সম্বলিত ৪৮টি চেক বইয়ের পাতাসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী (৬১) ও তার গাড়িচালক মাহমুদুল হাসান (৪০)। এসময় তাদের কাছ থেকে তল্লাশী চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার।
আটক দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের হেফাজত চেয়ে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তাদের আটক করার বিষয়টি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচাল লে. কর্নেল আশিক বিল্লাহ মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১।
আটককৃত গিয়াস উদ্দীন জালালী (৬১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের বায়রা। প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান (৪০) শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে।
র্যাব জানায়, বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে একটি শাখা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল ও ২১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেটকারে থাকা গিয়াস উদ্দীন জালালী নামে এক ব্যক্তি ও চালক মাহমুদুল হাসানকে। পরে তাদের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল সম্বলিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিং এর নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরণী শাখার একটি চেক বই পাওয়া যায়। পরে তাদের পরিচয় নিশ্চিত হয় র্যাব সদস্যরা। এ ঘটনায় র্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এস আই) মো: কামরুজ্জামান মামলার বরাত দিয়ে বলেন, র্যাবের দায়েরকৃত মাদক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দু’জনকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে অন্যান্য তথ্য জানা যাবে।

