দেশে করোনায় আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৪৫
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ২৬শ প্রায়। তবে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১ লাখ ১০ হাজারের বেশি সুস্থ হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
ডা. নাসরিন সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২ হাজার ২৬৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৯.৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৮১ জন। আক্রান্তের তুলানায় মৃত্যু হার ১.২৮ শতাংশ। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৭৩ জন। এ নিয়ে মোট সুস্থদের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১০ হাজার ৯৮ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার এই হার ৫৪.৪৯ শতাংশ।
তবে বিশ্বে মোট আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৩ শতাংশ। অপরদিকে মৃত্যু হার ৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় ৮ মার্চ। ১৮ জুলাই সেই সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেল। এর মধ্যে শেষের ১ মাসেই আক্রান্ত বেড়েছে ১ লাখ। দেশে করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় চলতি বছরের ২১ জানুয়ারি। সেই হিসাবে ১০ লক্ষ নমুনা পরীক্ষা করতে প্রায় ৬ মাস সময় লাগলো।
বিশ্বে করোনায় আক্রান্ত ২ লাখের বেশি মানুষ আছে এমন দেশের সংখ্যা বাংলাদেশসহ ৮টি। আর ৩ লাখের বেশি আক্রান্ত আছে এমন দেশ আছে ৫টি। এছাড়া করোনায় সবচেয়ে বিপর্যস্ত ৪টি দেশের মধ্যে সবার উপরে আছে পর্যায়ক্রমে আমেরিকা, ব্রাজিল, ইন্ডিয়া ও রাশিয়া। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ডওমিটার।

