ওয়ারিতে করোনায় আক্রান্তদের জন্য মেয়র তাপসের ‘উপহার’
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ২০:৪০
রাজধানীর ওয়ারীর লকডাউন এলাকায় করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত রোগীরদের বাসায় বাসায় ফলের ঝুঁড়ি উপহার পাঠাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আরোগ্য কামনায় ডিএসসিসি মেয়রের এই উপহার পৌঁছে দেয়া হচ্ছে।
৪১নং ওর্য়াডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে এবং আইইডিসিআর’র স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বেচ্ছাসেবীরা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের বাসায় বাসায় এই ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছেন। ডিএসসিসি থেকে শনিবার (১৮ জুলাই) এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
জানা গেছে, আনারস, মালটা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আমসহ ৮ ধরণের ফল দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে। করোনায় আক্রান্ত প্রত্যেক পরিবারে পৌঁছে দেয়া হচ্ছে এই ঝুড়ি।

গত ৪ জুলাই ভোর থেকে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সবমিলিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ৭৭ জন রোগী রয়েছেন। এরমধ্যে শনিবার (১৮ জুলাই) ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহার সামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়। বাকিদের বাসায় রবিবার (১৯ জুলাই) এই উপহার সামগ্রী পাঠানোর কথা রয়েছে।
লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রান্ত হবেন তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের এই ফলের ঝুড়ি উপহার পাঠানো অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়াও লকডাউন এলাকার বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পাশাপাশি প্রতিদিন ৬০০ মানুষের কাছে ৩ বেলা খাবার পৌঁছে দেয়া হচ্ছে এবং প্রতিদিন ৩০০ পরিবারের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে বলে ডিএসসিসি সূত্রে জানা গেছে।

