প্রতারণার অভিযোগে অপু বিশ্বাসকে নোটিশ, মানহানি মামলার পাল্টা হুমকি
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৪৫
৫ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও বর্তমানে আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাসকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী বাদশাহ বুলবুলের আইনজীবী এই নোটিশ পাঠান তাকে। রবিবার (১৯ জুলাই) ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।
অবশ্য অপু বিশ্বাস বলছেন ভিন্ন কথা। বুলবুলের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি এফডিসি অঙ্গনে এখন আলোচনার খোরাক হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অপুকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট কেনার কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে।
বিষয়টি অপুকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলেও নোটিশে উল্লেখ করা হয়। একইসঙ্গে অপু বিশ্বাসকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে নোটিশে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করা হবে বলে উল্লেখ করা হয়।
নোটিশের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ‘আমি নিজে কিছু করবো বলে বগুড়ায় আমাদের পরিবারিক কিছু সম্পত্তি বিক্রি করে বাদশা বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করি। সরল মনে তার কাছে আমার চেকবই রেখেছিলাম। কারণ কখনো টাকা প্রয়োজন হলে ব্যাংক থেকে যেন তুলে নিতে পারেন। কিন্তু, কিছুদিন না যেতেই তার আচরণে পরিবর্তন হতে থাকে।’ তিনি আরও বলেন, ‘এরপর সিদ্ধান্ত নিই, তার সঙ্গে আর ব্যবসা করবো না এবং চেকবই বাসায় নিয়ে আসি। তখনো বুঝিনি চেকের দুটি পাতা তিনি রেখে দিয়েছেন। এদিকে, আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে ফেলি এবং চেকের দুটি পাতা না পাওয়ার কারণে থানায় জিডি করে রাখি। চেক প্রতারণার অভিযোগ পুরোপুরি একটা ষড়যন্ত্র’ উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘তার বিরুদ্ধে আমি মানহানির মামলা করবো।’

