বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৯:২৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারারোপণে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিরক্ষা সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল সোমবার (২০ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরস্থ গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় চত্বরে একটি ফলজ বৃক্ষ (লটকন গাছের চারা) রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, ড. মো. মাহামুদ-উল-হক, মোঃ সফিকুল আহম্মদ, যুগ্মসচিব (পূর্ত ও উন্নয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহফুজ আলম এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৃক্ষরোপণ অভিযান-২০২০ এ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ অধিদপ্তর, দপ্তর ও সংস্থায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারারোপণ করা হবে। প্রতিরক্ষা সচিব দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশত বার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বপ্রণোদিত হয়ে অধিক পরিমাণে বৃক্ষরোপণের উদ্যোগ নিতে সকলের প্রতি আহ্বান জানান। সূত্র: বাসস।

