ব্যাংকের অর্থ আত্মসাৎ: বাবুল চিশতীর বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ১৭:৪০
ফারমার্স ব্যাংকের (বর্তমানের পদ্মা ব্যাংক) প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ৬ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবা (২১ জুলাই) কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি করেন। গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য।
প্রনব বলেন, মামলার অপর আসামি হলেন- বাবুল চিশতীর ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতী, ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখা প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, বগুড়ার আল-ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক, ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল কবির চৌধুরী, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক নিম্মি কবির চৌধুরী।
এজাহারে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলা হয়, তারা সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে ঋণের নামে পদ্মা ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৪০ কোটি ৭৯ লাখ ২১ টাকা নিয়েছিলেন। যা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুদ ও আসলে ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা হয়। আসামিরা এই অর্থ পরিশোধ না করে আত্মসাৎ ও পাচার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অবৈধ সুবিধা নিয়ে ভুয়া দলিলপত্রের মাধ্যমে নামে-বেনামে ঋণ বিতরণসহ অন্যান্য মাধ্যমে পদ্মা ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে বাবুল চিশতী ও তার পরিবাদের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুদক। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাবুল চিশতী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক মামলা করে। এসব মামলার তদন্তের স্বার্থে তার ও পরিবারের সদস্যদের ১৩৫ কোটি টাকার সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করা হয়। তথ্য সহায়তা বিডিনিউজ।

