চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদুল আজহা ১ আগস্ট
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ২০:৪০
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশে আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
কমিটি পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সন্ধ্যা সোয়া ৭ টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
এর আগে সৌদি আরবে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা পালিত হবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে। সঙ্গতকারণেই বাংলাদেশে পরের দিন ঈদুল আজহা পালিত হওয়ার কথা। কারণ, সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা, ঈদুল ফিতর উদযাপন ও রোজা শুরু হয়ে থাকে।

