ঈদে দু’সপ্তাহ সড়কের উন্নয়ন বন্ধ থাকবে: সেতুমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৫:১২
দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাসসহ চলমান কাজ জনস্বার্থে ঈদের আগের ৭ দিন ও পরের ৭ দিন মোট দু’সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২২ জুলাই) সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনির্মিত ভবনে ঈদ সামনে রেখে দেশের সড়ক-মহাসড়কের পরিস্থিতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের আগের সাতদিন ও পরের সাতদিন ফ্লাইওভার, আন্ডারপাসসহ চলমান কাজ জনস্বার্থে বন্ধ রাখতে হবে। আপনারা জানেন, সরকার ইতোমধ্যে ঈদে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা জারি করেছে। তাই, আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।’
সড়ক মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, এক এক জোনের বাস্তবতা এক এক রকম। গাড়ির চাপ মহাসড়ক ভেদে ভিন্ন। তাই আমি চাই আপনারা জোন ভিত্তিক ও আন্তঃজোন সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করুন।
করোনা মহামারির বিষয়টি বিবেচনায় নিয়ে সেতুমন্ত্রী বলেন, গ্রামমুখী মানুষকে সতর্ক করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত ও গ্রামে অবস্থান করতে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো যেতে পারে। বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ সেতু থাকতে পারে। বৃষ্টি বন্যা জনিত পানির প্রবাহ সেতু ক্ষতির কারণ হতে পারে। তাই নজরদারিতে রাখতে হবে ঝুঁকিপূর্ণ সেতু এবং বিকল্প ঠিক করে রাখতে হবে আগেই।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, ‘সকলের সম্মিলিত প্রয়াস, সমন্বয় এবং প্লানিংয়ের মাধ্যমে আমরা করোনার চোখ রাঙানোর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে একটি স্বস্তিকর ঈদযাত্রা ও ফেরত যাত্রা উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।’
সড়ক ও মহাসড়ক অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

