মৃত্যু আতঙ্কে পুরো দেশ: ফখরুল
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৯:৩০
সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের ব্যর্থতায় গোটা দেশের মানুষ মৃত্যু আতঙ্কে ভুগছে।’ বুধবার (২২ জুলাই) দুপুরে প্রয়াত নেতা শাহজাহান সিরাজের স্মরণে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘কী দুর্ভাগ্য আমাদের! আজকে যারা ক্ষমতায় বসে আছে, যারা বলে তারা স্বাধীনতা চেতনা ধারণ করে, তারাই আজকে সচেতনভাবে এদেশের মানুষের যে ভোট দেওয়ার অধিকার, তার যে মৌলিক অধিকার সেগুলোকে হরণ করে নিয়ে গেছেন।’ তিনি বলেন, ’আজকে শাহজাহান সিরাজের এই স্মরণসভায় যারা আছেন, তারা এই বাংলাদেশ দেখতে চাননি। তারা একটা সুখী, সমৃদ্ধ, সাধারণ মানুষ যাতে বেঁচে থাকতে পারেন সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন।’
‘আজকে গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতঙ্কে ভুগছে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ জীবিকার চিন্তায় তারা অস্থির হয়ে আছে।’
শাহজাহান সিরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘আামি শাহজাহান সিরাজকে শুধু মাত্র বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না, আমার মনে হয় দেশের মানুষও দেখতে চায় না। তাকে সবাই বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারপাঠকারী, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের একজন নায়ক হিসেবে দেখতে চান, সেভাবে তারা দেখেছেন শাহজাহান সিরাজ সাহেবকে।
বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশসের (বিএনআরসি) উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপি নেতা শাহজাহান সিরাজের স্মরণে ‘স্বায়ত্তশাসনের সংগ্রামকে স্বাধীনতা যুদ্ধের রুপান্তরে শাহজাহান সিরাজ এর ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজ এভার কেয়ার হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

