পাবনায় নারীকে মারপিট ও মাথার চুল কেটে দেয়ায় গ্রেফতার ৯

পাবনায় নারীকে মারপিট ও মাথার চুল কেটে দেয়ায় গ্রেফতার ৯

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ২১:০৫

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ তুলে এক নারী ও তার কথিত প্রেমিককে মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে গ্রামবাসী। এ ঘটনার পর ওই নারীর দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাতের ওই ঘটনায় বুধবার (২২ জুলাই) মামলা হয়। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ী গ্রামের রেজাউল করিম মঞ্জু (৪০), মোতালেব হোসেন (৪০), আলিফ হোসেন (৩২), জমিন উদ্দিন (৩২), মুক্তার হোসেন (৩৪), আলম হোসেন (৪০), কালু প্রামানিক (৩০), আয়নাল হোসেন (৪০) ও মামুন হোসেন (৩০)।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে কুকড়াগাড়ী গ্রামের ওই গৃহবধূর (৩৫) ঘরে তার সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলাম (৩৮) অসামাজিক কাজে লিপ্ত হয়- এমন অভিযোগ তুলে ছাইকোলা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল ওহাবসহ গ্রামবাসী তাদের আটক করে। পরে দু’জনকে মারপিট করে মাথার চুল কেটে দেয়া হয় গৃহবধূর। খবর পেয়ে পুলিশ দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ইউপি সদস্যসহ নারী নির্যাতনের ঘটনায় জড়িত ১০জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২২ জুলাই) দুপুরে ওই নারী বাদী হয়ে ইউপি সদস্য আব্দুল ওহাব ও ভুক্তভোগী সাইফুল ইসলামকে বাদ দিয়ে ১৭ জন নামীয়সহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় পুলিশ গ্রামের ৯ জনকে মামলায় গ্রেফতার দেখায়।

এদিকে, মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল ইসলাম ওই নারীর কাছে এক হাজার টাকা পেতেন। সেই টাকা আনতেই মুলত মঙ্গলবার রাতে তার বাড়িতে যান। ঘরে বসে কথা বলার সময় গ্রামের কতিপয় ব্যক্তি তাদেরকে আটক করে কোনো কিছু না শুনে মারপিট করে। এক পর্যায়ে দু’জনের মাথার চুল কেটে দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে গ্রামবাসীর কাছ থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নারীকে মারপিট ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ৯ জনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় ভুক্তভোগী সাইফুল ও মেম্বারকে অভিযুক্ত না করায় তাদের গ্রেফতার করা হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading