চট্টগ্রামে সিরিয়াল রেপিস্ট বেলাল ‘বন্দুকযুদ্ধে’ নিহত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১২:৫৬
চট্টগ্রামের বায়েজীদে শিশু ধর্ষণকারী ‘সিরিয়াল রেপিস্ট’ হিসেবে সন্দেহভাজন বেলাল দফাদার পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) দিনগত মধ্যরাতে শান্তিনগর এলাকার পাহাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনাস্থল থেকে পুলিশ একটি অস্ত্র এবং ইয়াবা উদ্ধার করেছে। গত ৬ মাসে এই শান্তিনগর এলাকায় ধর্ষণের শিকার হয় সাত শিশু। আর এসব ধর্ষণের জন্য স্থানীয়রা বেলাল দফাদারকে সন্দেহ করে। এর আগে ২০১৬ সালে দু’শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ বেলাল দফাদারকে একবার গ্রেফতার করেছিল। জামিনে এসে সে আবার শিশু ধর্ষণের সাথে সম্পৃক্ত হয় বলে দাবি পুলিশের।
বিষয়টি নিশ্চিত করে বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার গণমাধ্যমকে বলেন, ‘শান্তিনগরের পেছনের যে বড় পাহাড়ি এলাকা রয়েছে সেখানেই পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে বেলাল দফাদারের পাশে অস্ত্র এবং ইয়াবা পড়ে থাকতে দেখা যায়।’

