সদ্য সাবেক ডিজির বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ২১:০৫
সদ্য পদত্যাগকারী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিচার দাবি করেছে বিএনপি। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগও চেয়েছে দলটি। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বাধীন ‘করোনা সেলের’ পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক রিজাইন করেছেন এবং শোনা যাচ্ছে যে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে। আসলে তাকে তো বরখাস্ত করা উচিত ছিল এবং শুধু স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকই নন, এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, ভুল তথ্য দিয়েছেন জনগণকে, তার দায়-দায়িত্ব অবশ্যই সরকারের ওপরে বর্তায়।’ মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এখানে শুধু মহাপরিচালকের রেজিগনেশন নয়, মহাপরিচালকের বিচার এবং একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ইতোমধ্যে যে দাবি (স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ) করা হয়েছে— এটা অত্যন্ত যৌক্তিক একটি দাবি।’
বিএনপি মহাসচিবের অভিযোগ, ‘শুরু থেকেই সরকারের দৃষ্টিকটু, সমন্বয়হীনতা, অপরিণামদর্শিতা, দোদুল্যমানতা, সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্তের কারণে করোনা সংক্রান্ত পদক্ষেপগুলো কার্যত অসফল প্রমাণিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ শনাক্তের পরীক্ষায় সরকারিভাবে ফি নির্ধারণ করে দেওয়ায় এবং উপসর্গ দেখে নমুনা নেওয়ার নতুন নিয়ম চালু করার কারণে চলতি মাসের শুরু থেকে নমুনা পরীক্ষার সংখ্যা কমে গেছে। ৩ জুলাইয়ের আগ পর্যন্ত প্রতিদিন ১৫ থেকে ১৮ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছিল। এখন সেটি সাড়ে ১৪ হাজারের নিচে নেমেছে। কারণ, মানুষ পরীক্ষা করানোর আগ্রহ হারিয়ে ফেলেছে।’

