বিচারপতি ভবানী প্রসাদ সিংহ অবসরে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ২১:৪০
উচ্চ আদালতে প্রায় এক দশকের বিচারক জীবনের সমাপ্তি টানলেন আলোচিত বিভিন্ন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় প্রদানকারী বিচারপতি ভবানী প্রসাদ সিংহ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেলের দপ্তর ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনসহ প্রায় শতাধিক আইনজীবী অনুলাইনে যুক্ত ছিলেন এ বিচারকের বিদায় সংবর্ধনায়। অনলাইনে অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
হাইকোর্টে ১০ বছরের কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা, জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মোমিন, লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি নাথ সীমাকে ধর্ষণের পর হত্যা এবং নরসিংদীর ৬ হত্যার মত আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দিয়েছেন।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ১৯৫৩ সালের ৮ অগাস্ট সিলেটের কোতয়ালি থানার মাছিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা সুদীশ চন্দ্র সিংহ, মা কৃষ্ণভানু রাজকুমারী। ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা শেষ করে এলএলবি করেন। ১৯৭৯ সালের ১ মার্চ সিলেট জেলা বারে আইনজীবী হিসেবে তালিকভুক্ত হন। ১৯৮৩ সালের ২০ এপ্রিল মুনসেফ হিসেবে (সহকারী জজ) বিচারক জীবন শুরু করেন। ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১০ সালের ১২ ডিসেম্বর তাকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১২ সালের ১০ ডিসেম্বর হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

