ঈদে বাড়ি না যেতে অনুরোধ নৌপ্রতিমন্ত্রীর
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৭:১০
ঈদে যাত্রীবাহী নৌযান চললেও করোনাভাইরাস মহামারীর এই সময়ে অতি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি না যাওয়ার অনুরোধ জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ জুলাই) ঢাকার সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
নৌ প্রতিমন্ত্রী বলেন, সামনে ঈদুল আজহা। গণপরিবহন নিয়ে আমরা একটা সংকটের মধ্যে আছি। একদিকে করোনাভাইরাসের সংক্রমণ, অপরদিকে বন্যা। এ রকম একটা পরিস্থিতিতে সড়ক, রেল, আকাশ ও নৌ পথে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। আমি যাত্রী সাধারণের কাছে বিনীত অনুরোধ জানাই, প্রয়োজন ছাড়া আমরা যেন এই যাত্রাটাকে পরিহার করি। কারণ বেঁচে থাকলে আমরা অনেক ঈদ উযাপনের সুযোগ পাব। তাড়াহুড়ো করে জীবনের ঝুঁকি নিয়ে এই যাত্রায় না যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক।
বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে অনেক সাংবাদিক দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলছে দাবি করে তিনি বলেন, অনেকেরই এই অগ্রগতি সহ্য হচ্ছে না। তাই তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের স্মরণে অনুষ্ঠিত সভায় প্রয়াত সদস্যদের পরিবারের মধ্যে অর্থিক অনুদানের চেক তুলে দেন নৌ প্রতিমন্ত্রী। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি, কবির আহমেদ খান, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহাগ।

