বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৫৭ লাখ প্রায়
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৬:৪০
নভেল করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে একদিন আগেই। বর্তমানে এই সংখ্যা ১ কোটি ৫৭ লাখ প্রায়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৬ লাখ ৩৭ হাজার মানুষের। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।
শুক্রবার (২৪ জুলাই) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এক লাখের বেশি করোনায় আক্রান্ত বা কভিড-১৯ রোগী আছে- এমন দেশের সংখ্যা ২৩টি। এই তালিকার শীর্ষে থাকা মার্কিন আমেরিকায় আক্রান্ত ৪০ লাখ পাড় হয়েছে আরও একদিন আগে। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজারের বেশি। এর পরে ব্রাজিলে আক্রান্ত ২৩ লাখ প্রায়। তৃতীয় অবস্থানে থাকা ইন্ডিয়ায় আক্রান্ত ১৩ লাখ ছুঁইছুঁই করছে।
করোনার সংক্রমণ হওয়া ২১৫টি দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এমন ২৩টি দেশের মধ্যে সবার নিচে আছে ইরাক। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ২ হাজারের বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তালিকার ১৭ নম্বরে আছে বাংলাদেশ।
শক্রবার গ্রিনিচ মান সময় ১০:২২টায় ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য বলছে, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ৮৯৯ জন। মারা গেছেন ৬ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৬২ হাজার ৯০৭ জন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন আছেন এমন রোগীর সংখ্যা ৫৪ লাখ ৭৭ হাজার ২৫ জন এবং তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৬৬ হাজার ১৯৯ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় সুস্থ হওয়াদের হার আক্রান্তের তুলনায় ৯৪ শতাংশ। আর মৃত্যু হার ৬ শতাংশ।

