করোনায় মৃত টিএসআই শরীফুল, আইজিপি’র শোক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ২০:৪০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও একজন কর্মকর্তা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি হলেন টিএসআই মোঃ শরীফুল ইসলাম (৫৫)। তিনি খুলনা রেঞ্জের ঝিনাইদহ সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন বলে পুলিশ হেডকোয়াটার্স সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, এদনি বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ঝিনাইদহ কোভিড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। করোনা আক্রান্ত হয়ে তিনি এর আগে ওই হাসপাতালে ভর্তি হন।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
আইজিপি’র শোক
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টিএসআই মোঃ শরীফুল ইসলামের মৃত্যুতে পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যায় এক শোকবাণীতে আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা টিএসআই মোঃ শরীফুল ইসলাম জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে জীবন দিলেন। বাংলাদেশ পুলিশের এ বীর সদস্য দেশ ও জনগণের সেবার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়।

