প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো: স্বাস্থ্যের নতুন ডিজি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ২১:৪০
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া দায়িত্ব পালনে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করার অঙ্গীকার করেছেন স্বাস্থ্য অধিদফতরের সদ্য নিয়োগ পাওয়া মহাপরিচালক (ডিজ) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। একই সঙ্গে তিনি বলেছেন, ‘চ্যালেঞ্জ রয়েছে। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাবো।’ শুক্রবার (২৪ জুলাই) তিনি মুঠোফোনে একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যের নতুন ডিজি বলেন, ‘এখনও দায়িত্ব বুঝে নেইনি। দায়িত্ব বুঝে নেওয়ার পর এ বিষয়ে সবার সঙ্গে কথা বলবো।’
স্বাস্থ্য অধিদফতরের প্রধান হিসেবে নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করতে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো। সরকারি কর্মকর্তা হিসেবে সেটাই করা উচিত।’
কোভিড-১৯ মহামারি ও স্বাস্থ্য অধিদফতরের দুর্নীতি অনিয়ম প্রশ্নে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘চ্যালেঞ্জ তো সব কাজই, এটাও অবশ্যই চ্যালেঞ্জের কাজ। তবে আমি আশা করছি- এসব বিষয় কাটিয়ে উঠতে পারবো। সবাইকে পাশে নিয়ে আমি সমস্যা মোকাবিলা করতে চাই।’
ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খুরশীদ আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার জন্মস্থান কুমিল্লায়।
কোভিড-১৯ মহামারির মধ্যে স্বাস্থ্য অধিদফতরের নানা সমালোচনামূলক কাজের জন্য তীব্র আলোচনা-সমালোচনার মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২১ জুলাই পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। নতুন মহাপরিচালক কে হবেন তা নিয়ে তারপর থেকেই বিষয়টি ছিল টক অব দ্য কান্ট্রি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম উচ্চারিত হতে থাকে এ সময়।
সেই আলোচনা ছাপিয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম নিয়োগ পান। তার কয়েক ঘণ্টা আগে সদ্য পদত্যাগ করা ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেইসঙ্গে তার সঙ্গে সরকারের চুক্তি বাতিল করে তার নিয়োগ বাতিল করা হয়। এরপর একই দিন বিকালে অধ্যাপক খুরশীদ আলমের নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

