সুন্দরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে মারলো স্বামী
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১১:০৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ছামিউলকে আটক করেছে পুলিশ।
নিহত রোজিনা বেগম (২৬) রামধন (মওয়ামারী) গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে এবং আটক ছামিউল পাইটকাপাড়া গ্রামের রহমান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, পারিবারিক দুরাবস্থার কারণে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতেন রোজিনা। আর স্বামী ছামিউল সেখানে কাঠমিস্ত্রীর কাজ করতেন। তখন থেকেই দুজনের মধ্যে সন্দেহের জেরে দাম্পত্য কলহ চলছিল। প্রায় এক মাস আগে রাগ করে ঢাকা থেকে রোজিনা তার বাবার বাড়িতে চলে আসেন। পরে স্বামী ছামিউল স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে তাকে বাড়িতে নিয়ে আসেন।
পারিবারিক বিষয়ে শুক্রবার সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সন্ধ্যায় বাড়ির পাশের বিলে মাছ ধরার কথা বলে রোজিনাকে বাইরে নিয়ে যায় তার স্বামী। পরে বিলের মাঝে নিয়ে কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যা করেন ছামিউল। এ সময় রোজিনার চিৎকারে তার শ্বশুর-শাশুড়ি এগিয়ে এলে তাদেরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন ছামিউল। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ছামিউল পালিয়ে যান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ছামিউলকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

