প্লাজমা দিতে ঢাকায় কুমিল্লার ৫৬ পুলিশ
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৭:১০
কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দিতে শনিবার (২৫ জুলাই) ঢাকায় এসেছেন কুমিল্লার করোনা জয়ী ৫৬ জন পুলিশ সদস্য। ‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন; জাগ্রত মানবতায় দৃঢ় হউক, পুলিশ জনতার বন্ধন’- এ শ্লোগানে কুমিল্লা জেলা পুলিশের ওই সদস্যরা ঢাকার উদ্দেশে কুমিল্লা পুলিশ লাইন ত্যাগ করেন শনিবার সকালে।
পুলিশের ওই ৫৬ জন সদস্যের মধ্যে দুজন পরিদর্শক, এসআই ১২ জন, এএসআই ১৫ জন ও কনস্টেবল রয়েছেন ২৭ জন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাদের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে গত ৯ জুলাই ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা দান করেন। কুমিল্লায় এ পর্যন্ত ২০৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে এরই মধ্যে আইশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত হয়েছেন। সূত্র: ইউএনবি।

