টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৭:৫৫

গাজীপুর মহানগরের টঙ্গীতে ঈদের ছুটি বৃদ্ধি ও জুলাই মাসের পর্ণ বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) সকালে টঙ্গীর সাতাইশ এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে তারা কারখানা এলাকায় সমবেত হয়। পরে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে কমপক্ষে ৩ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পুলিশ শ্রমিকদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। প্রায় এক ঘণ্টা পর কাঁদানে গ্যাস ছুঁড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বিক্ষোভকারীদের দাবি, ঈদুল আজহা উপলক্ষে কারখানা কর্তৃপক্ষ ৮ দিনের ছুটি ও ১৫ দিনের বেতন-বোনাস দেওয়ার ঘোষণা দেন। অথচ মাস প্রায় শেষ হয়ে গেছে। গত কয়েকদিন যাবত তারা বোনাসসহ জুলাই মাসের পূর্ণ বেতন ও ১২ দিনের ছুটির দাবি করে আসছে। এর মধ্যে শনিবার কাজে যোগ দিতে দেখা যায়- কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশ দেখে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

এ ব্যাপারে ওই কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে শিল্প পুলিশের পরিদর্শক মো. রাজ্জাকুল হায়দার বলেন, ‘বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের বিজিএমইএর নেতাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন। পরে ১৫ থেকে ২০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading