আয়শা আহমেদ-এর কবিতা “আত্মতুষ্টির ক্যানভাস”

আয়শা আহমেদ-এর কবিতা “আত্মতুষ্টির ক্যানভাস”

শিল্প-সাহিত্য । উত্তরদক্ষিণ
রবিবার, ২৬ জুলাই ২০২০। আপডেট ১৪:৩০

আপনি বলেন-
তুমি একটু খাটো আছো, রঙটাও একটু চাপা। ও…
আপনি বলেন-
তুমি একটু খাটো আছো,
রঙটাও একটু চাপা।
ও কিছু না,
বিয়ের পরে কত মেয়ের রঙ খোলে!
আমার পাশে হাঁটার সময়,
উচ্চতাটা, হিলেই নাহয় চালিয়ে নেবে!
কিন্তু, আমার যে,
আমার শ্যামলা মুখটাই দেবীর মতোন লাগে,
হিলে আমার অস্বস্তি খুব, স্যান্ডেলটাই ভাল্লাগে!

আপনি বলেন-
আমি নাকি ভীষণ জেদী, খামখেয়ালি।
অবাধ্যতার চূড়ায় চড়ি,
মস্ত বড় টিপ পরি, কথায় কথায় তর্ক করি,
আশপাশটা ভুলে গিয়েই;
উথাল-পাথাল হাসির ঢেউয়ে, মাটির মতন গলে পড়ি।
নারী হবে শান্ত দিঘীর জলের মতন,
তার অমন জটিল স্বভাব থাকবে কেন?
নারী হবে শালুক ফুলের নাজুক কলি,
তার অমন কাঁটার জবান থাকবে কেন?

আমি বলি, এ আমার নিজস্বতা।
আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, আমার পছন্দ;
আমার, কেবল আমার!
আমার খরস্রোতা নদী হতে ভাল্লাগে,
পদ্মফুলের কাঁটা হতে ভাল্লাগে।
ভাল্লাগে- আপনাকে তর্কে হারিয়ে দিতে,
আপনার ভুলগুলো, অন্যায় উঠা হাতগুলো;
আমাকে স্পর্শ করবার আগেই, শক্ত হাতে রুখে দিতে।
পৃথিবীটাকে দাঁপিয়ে বেড়াতে আমার ভাল্লাগে,
মুখোশবিহীন হাসির ঠোঁটে আত্মতুষ্টির সীলমোহর এঁকে,
আপনার গড়া সবক’টা শেকল প্রবল তেজে গুঁড়িয়ে যেতে আমার ভাল্লাগে;
আমার আপনাকে প্রত্যাখ্যান করতে ভাল্লাগে।

আপনি বলেন-
তুমি অযোগ্যা, তুমি অসম্পূর্ণা,
তুমি এমন, তুমি অমন, তুমি তেমন।
তুমি বদলাও, তুমি এমন রেখে অমন হও,
এমন ভুলে অমন হাসো,
অমন রেখে তেমন বাঁচো;
তুমি নারী, তুমি এমন হবে, তুমি অমন বাঁচবে।

আমি তো তা পারি না!
আমার আমাকে মানুষ লাগে,
ভীষণ রকম আমার মতো, আমি আমি লাগে।
আপনার আমাকে বিশ্রী লাগুক,
কিন্তু আমার যে, আমাকে, এমনই খুব ভাল্লাগে!

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading