চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্যসহ ৪ জনকে হাতেনাতে আটক
সাদ্দাম হোসেন । উত্তরদক্ষিণ
সাভার; সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৪:০০
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজীর অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৪, সিপিসি-২।
সোমবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ। এর আগে রবিবার (২৬ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে আশুলিয়ার জামগড়া এলাকার নিগার প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আশুলিয়া থানার কনস্টেবল মো: মমিনুল ইসলাম (৩৫), তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে, নীলফামারীর ডিমলা বন্দর খড়িবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদ (৩২), গাইবান্ধা জেলা সদরের চৌদ্দগ্রামের মৃত তোফাজ্জলের ছেলে ওয়াহেদ (৪০) ও জামালপুর জেলার মেলান্দহ থানার চরগুহিন্দি গ্রামের সুরুজ শেখের ছেলে ওয়াজেদ শেখ (২৩)। তারা সবাই আশুলিয়ার বাইপাইলের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন।
র্যাব জানায়, এক ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে জামগড়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয় দানকারী ও দেশীয় অস্ত্রধারী ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সাদা রংয়ের নোয়া মাইক্রো, ২ টি বড় ছোরা, ১ টি বড় হাঁসুয়া, ১ টি বড় ড্যাগার, ১ টি লোহা কাটার, ১টি মটোরোলা ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ, ১ টি পুলিশ আইডি কার্ড, পুলিশ লেখা স্টিকার ১টি, ১টি সিগন্যাল লাইট, ৪৮০ গ্রাম গাঁজা, ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৩৭ হাজার জাল টাকা, মাদক বিক্রিত নগদ ২৮ হাজার ৮১৫ টাকা, বিভিন্ন রংয়ের মানিব্যাগ ৭টি ও ১২টি মোবাইল সেট জব্দ করা হয়।

