পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত থাকবে: তাপস

পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত থাকবে: তাপস

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ২০:০০

মঙ্গলবার (২৮ জুলাই) থেকে রাজধানীতে চালু হওয়া পশুর হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (২৭ জুলাই) বিকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র শেখ তাপস।

পরে সাংবাদিকদের প্রশ্নে ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৮টি সংসদীয় আসনের কথা বিবেচনা করে আমরা ১১টি জায়গায় পশুর হাট ইজারা দিয়েছি। এসব হাট সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে রবিবার (২৬ জুলাই) ইজারাদারদের নিয়ে সভা হয়েছে। সেখানে ইজারাদারদেরকে আমাদের শর্তাবলী যাতে কঠোরভাবে পালন করা হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সে সব শর্তাবলি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার থেকে আমরা হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো। কোনও ইজারার শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।’

যত্রতত্র পশুর হাট বসার সুযোগ রাখা হয়নি জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা অবৈধ কোনও পশুর হাটের সুযোগ রাখিনি। কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

এ সময় ১২০ কেজি রুই, ৬০ কেজি কাতলা, ১০৫ কেজি মৃগেল, ১৫ কেজি কালিবাউসসহ মোট ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading