বাবুল চিশতীর বিরুদ্ধে দুর্নীতি মামলায় আসামি সাহেদও!
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৯:৫০
পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) ১ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যাতে ব্যাংকটির সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী সঙ্গে আলোচিত প্রতারক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকেও আসামি করা হয়েছে।
দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে রবিবার (২৬ জুলাই) ঢাকার এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে মোট ৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বলে সংস্থাটির মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য্য জানান। সোমবার (২৭ জুলাই) প্রণব বলেন, বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিলকেও আসামি করা হয়েছে একই মামলায়।
অভিযোগের বিষয়ে দুদকের মুখপাত্র বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার করে পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা থেকে ১ কোটি টাকা ঋণ (যা সুদ আসলসহ ২ কোটি ৭১ লাখ টাকা) নিয়ে আত্মসাৎ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং অর্থ পাচার প্রতিরোধ আইন- ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ২২ জুলাই এনআরবি ব্যাংকের ১ কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। আর গত ২১ জুলাই পদ্ম ব্যাংকের প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বাবুল চিশতীসহ ৬ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ সুবিধা নিয়ে ভুয়া দলিলপত্রের মাধ্যমে নামে-বেনামে ঋণ বিতরণসহ অন্যান্য মাধ্যমে পদ্মা ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতীর বিরুদ্ধে এ পর্যন্ত ৮টি মামলা করেছে দুদক। তথ্য সহায়তা বিডিনিউজ।

