হ্যান্ড স্যানিটাইজারের আগুনে দগ্ধ, ডা. রাজীবের মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৪:১৭
রাজধানীর হাতিরপুলে বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ চিকিৎসক দম্পতির মধ্যে স্বামী ডা. রাজিব ভট্টাচার্য (৩৫) মারা গেছেন। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এই চিকিৎস মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মারা যান।
ডা. রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
তিনি জানান, রাজিবের শ্বাসনালীসহ শরীরের ৮৭ শতাংশ দগ্ধ ছিল। তাকে আইসিইউতে লাইফ সার্পোর্টে রাখা হয়েছিল। তার স্ত্রী অনূসূয়া ভট্টাচার্য (৩২) ২০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও বার্নে ভর্তি রয়েছে।
রাজিবের বন্ধু ডা. সুদীপ দে জানান, ২১ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত দেড়টার দিকে বাসায় রাজিব একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। তখন বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে সিগারেট বা মশার কয়েল আগুনের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়। এটি দেখতে পেরে তার স্ত্রী সম্ভবত বাঁচাতে গিয়ে নিজেও দগ্ধ হন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করেন।
রাজিবের বাড়ি কুমিল্লা দেবীদ্বার উপজেলার ইস্টগ্রামে। এই চিকিৎসক দম্পতি একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্যকে (৫) নিয়ে হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তবে করোনা মহামারির কারণে চিকিৎসক দম্পতি তাদের একমাত্র সন্তানকে আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। ফলে দুর্ঘটনার সময় শিশুটি তাদের কাছে ছিল না। রাজিবের বাবার নাম লক্ষণ ভট্টাচার্য। ডা. রাজিবের স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) শ্যামলি সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্টার।

