যাবজ্জীবন দণ্ডিত ৩৬৮ কয়েদি মুক্তি পাচ্ছেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ২০:২০
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্য থেকে ৩৬৮ জনকে শিগগিরই মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন।
কারাবিধিতে যাবজ্জীবন অর্থ ৩০ বছর কারাদণ্ড (৯ মাসে বছর ধরা হয় বলে সেটা আসলে হয় ২২ বছর)। কিন্তু সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ডের একটি ব্যাখ্যা দিয়েছিলেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেল কোড অনুযায়ী যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, এরমধ্যে আইন পরিবর্তন হয়েছে, সেই বিষয়ে আমি যাবো না। আমাদের প্র্যাকটিসে যেটা ছিল ১ বছরে কতদিন জেল খাটলে বছর পূর্ণ হয় সেই হিসাব করে যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে…, ৩০ বছর সাজা খাটা ১ হাজার ৬০০ জনের বেশি কয়েদির একটা তালিকা জেল কর্তৃপক্ষ দিয়েছিল। কিন্তু গত ৫ থেকে ৭ বছরের মধ্যে কাউকে ছাড়া হয়নি। এর আগে ছাড়া হয়েছিল। এতদিনে পুঞ্জীভূত হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে- ধর্ষক ও নৃশংস খুনী যাতে না ছাড়া হয়। আমরা সেই নির্দেশনা মাথায় রেখে সেগুলো যাচাই-বাছাই করে এখন ৩৬৮ তে নিয়ে আসছি। তাদের মুক্তির প্রক্রিয়া চলছে।

