রামুতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৫০
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরেকজন স্কুল শিক্ষক।
বুধবার (২৯ জুলাই) ভোর ৬টার দিকে একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা হলেন-জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫), একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)। এ দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতাহতরা প্রতিদিনের মতো সকালে সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, দুর্ঘটনার পরই ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে গেছে।
রামু থানার উপপরিদর্শক মো. কামাল খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান। তিনি জানান, আহত অবস্থায় তাদের ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। আহত একজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

