বাবুর মৃত্যুতে প্রমাণিত স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর, মির্জা ফখরুলের মন্তব্য
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ২০:২০
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখানে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারে না। শফিউল বারী বাবুর অসুস্থতা এবং তার চলে যাওয়া এটাই প্রমাণ করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর বাসায় পরিবারের সদস্যদের দেখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু গত মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার (সাবেক এ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন শফিউল বারী বাবু। তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে ওইদিন রাত দেড়টার দিকে স্বেচ্ছাসেক দল সভাপতিকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার প্রয়াত শফিউল বারী বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপি মহাসচিব। এসময় প্রয়াত বাবুকে ‘মেধাবী’ নেতা অভিহিত করে তিনি বলেন, ‘বাবুর মতো একজন জনপ্রিয়, সচেতন রাজনৈতিক নেতা এভাবে চলে যাবেন, এটা আমরা কল্পনাই করতে পারিনি।’ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমি কিছুক্ষণ আগে বাবুর স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, দুইটা বাচ্চা রেখে গেছেন। মাথা গোঁজার ঠাঁইটুকু নেই, ভাড়া বাসায় থাকেন। এখন তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা সবাই তার সঙ্গে আছি।’
রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় গিয়ে মির্জা ফখরুল ইসলাম প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইনের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তিনি শফিউল বারী বাবুর ছোট দুই ছেলেমেয়ে ফাতেমা বারী ও আয়হান বারীকে আদর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপি নেতা কামরুজ্জামান রতন, প্রকৌশলী ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, গোলাম সারোয়ার, ইয়াসীন আলী, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

কেন্দ্রীয় কার্যালয় দোয়া মাহফিল
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আাবদুল কাদের ভুঁইয়ার পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।

