আজ শুরু ঈদের ছুটি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ০০:০১
ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার (৩০ জুলাই)। আজ শুক্রবার (৩১ জুলাই) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। এবার ঈদের ছুটি ৩ দিন ঘোষণা করেছে সরকার। ১ আগস্ট, শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে। এ উপলক্ষে আজ ৩১ জুলাই, ১ আগস্ট ঈদের দিন এবং ২ আগস্ট রোববার ছুটি থাকবে।
এবারের ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হবে। তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। গত ১৩ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান।
কোভিড-১৯ মহামারির কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। এরপর ধীরে ধীরে সীমিত পরিসরে অফিসগুলোতে কাজকর্ম শুরু হওয়ায় ঈদের সময় আর বাড়তি ছুটি দেয়নি সরকার। ঈদের আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সচিবালয় ছিল স্বাভাবিক। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যদিনের মতোই ছিল।
ঈদের আগে শেষ কর্মদিবসে সাধারণত অনেককে হাজিরা দিয়েই বাড়ি ফিরতে রেলস্টেশন, বাসস্টেশন কিংবা লঞ্চঘাটের দিকে ছুটতে দেখা গেলেও, ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশনার কারণে এবার সেই চিত্র খুব একটা চোখে পড়েনি। অবশ্য এদিন সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
এদিকে, ঈদে গার্মেন্টসসহ বেসরকারি প্রতিষ্ঠানের ছুটিও ৩ দিন রাখা হয়েছে। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে গার্মেন্টস কর্মিদের ঈদে রাজধানী ছেড়ে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তাই এবার খুব কম সংখ্যক মানুষই ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন।

