দলের প্রয়োজনে মহাসচিব পরিবর্তন: জাপা চেয়ারম্যান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ২২:০৫
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দলের প্রয়োজনে গঠনতন্ত্র অনুযায়ী তিনি মহাসচিব পরিবর্তন করেছেন। লালমনিরহাট সার্কিট হাউসে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে তিনি সাংবাদিকদের বলেন, অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে নয়, দলের প্রয়োজনে মহাসচিব পরিবর্তন করা হয়েছে। গঠনতন্ত্র দলের চেয়ারম্যানকে কতকগুলো কর্তৃত্ব দিয়েছে।’
গত রবিবার মসিউর রহমান রাঙ্গাঁকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিবের পদে ফিরিয়ে আনেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। সামনের দিকে জাতীয় পার্টির একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। দলকে সামনে এগিয়ে নিতে মহাসচিব পদে পরিবর্তন করা হয়েছে। এটা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব ছিল।
এর আগে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সার্কিট হাউসে পৌঁছালে সংসের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে পুলিশ গার্ড অব অনার দেয়। তথ্য সহায়তা বিডিনিউজ।

