তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেছে দুদক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১১:৪০
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও নিউজ এজেন্সি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ‘অসাধু উপায়ে’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) মামলাটি দায়ের করা হয়। দুদকের কোর্ট পরিদর্শক মো. জুলফিকার বলেন, মামলাটি দায়ের করা হয়েছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশের আদালতে। বিচারক ২৩ অগাস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন রেখেছেন।বলে বিডিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা ওই মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার ‘বৈধ কোনো উৎস’ দুদক পায়নি। ‘ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে’ তিনি ওই টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
এদিকে, বিডিনিউজের পক্ষ থেকে বলা হয়েছে, দুদকের এই অনুসন্ধান শুরু হয়েছিল গতবছরের শেষ ভাগে, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম এলআর গ্লোবাল বাংলাদেশের কাছ থেকে ৫০ কোটি টাকা বিনিয়োগ পাওয়ার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ প্রতিবেদন আকারে প্রকাশ করার সপ্তাহ দুই পর। বিনিয়োগের ওই টাকাই ‘অবৈধ প্রক্রিয়ায়’ অর্জন করা হয়েছে বলে সাড়ে ৮মাস পর দায়ের করা মামলায় অভিযোগ করেছে দুদক।
মামলার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালিদী বলেন, আমি শুধু আশা করতে পারি, বিচারিক প্রক্রিয়াকে সঠিকভাবে চলতে দেওয়া হবে। আমরা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হব। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।

