চাঁদপুরে সড়কেই ‘মা’ হলেন ‘বিধবা’ নারী, এলাকাজুড়ে তোলপাড়
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০
চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিধবা নারীর মা হওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়কের পাশে সন্তান প্রসব করেন তিনি। তবে ওই নবজাতকের জন্মদাতা লাপাত্তা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাশারা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিকালে ওই নারীর প্রসববেদনা শুরু হলে স্বজনরা নিকটস্থ এক স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে পৌঁছার আগেই পথে কন্যা সন্তান প্রসব করেন তিনি।
প্রসূতি ওই বিধবা নারী রীনা বেগম (২৪) জানান, দুই বছর আগে তার স্বামী মারা যান। তারপর পাশের চান্দ্রা বাজারের সুমন (৩০) নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘনিষ্ঠতা বেড়ে গেলে বিয়ের আশ্বাসে দৈহিক সম্পর্ক হয়। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সুমন কেটে পড়ে।
স্থানীয় স্বাস্থ্যকর্মী আনিছুর রহমান জানান, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আসার পথে সড়কের পাশেই তার সন্তান প্রসব হয়। প্রসূতি মা ও নবজাতক এখন সুস্থ থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এদিকে, বিধবা ওই নারীর মা ও এলাকাবাসী এমন সর্বনাশের জন্য দায়ী যুবককে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন। সূত্র – ইউএনবি।

