জন্মদিনে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৫৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন। নগরীর ধানমন্ডির আবাহনী লিমিটেডে ক্রীড়া কমপ্লেক্সে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে বুধবার (৫ আগস্ট) সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে দলের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে তার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৯৪৯ সালের আজকের এদিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের হাতে তিনিও নির্মমভাবে নিহত হন।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, শেখ কামালের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী ক্রীড়া কমপ্লেক্সের পরিচালকবৃন্দ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দসহ বিভিন্ন সংগঠন শেখ কামালের সমাধি ও প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সূত্র: বাসস।

