মেজর সিনহা হত্যা ‘বিচ্ছিন্ন ঘটনা’: যৌথ সংবাদ সম্মেলনে সেনা ও পুলিশ প্রধান
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৪০
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ ও পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ। যেখানে সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যু হয়েছে সেই কক্সবাজারে বুধবার (৫ আগস্ট) যৌথ সংবাদ সম্মেলন করে দুই বাহিনী প্রধান তাদের বক্তব্য তুলে ধরেন। বুধবারই সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ- দুজনে ঢাকা থেকে কক্সবাজার সফরে যান।
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হাবার পর থেকে সামরিক গোয়েন্দা সংস্থা- ডিজিএফআই এবং পুলিশের দিক থেকে পরস্পর বিরোধী ভাষ্য পাওয়া যাচ্ছিল। এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলেও অনেকে মনে করেন। এমন প্রেক্ষাপটে সেনা ও পুলিশ প্রধান কক্সবাজার সফর করেন। সেখানে তারা দু’জন ঊর্ধ্বতন সেনা এবং পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। বৈঠক শেষেই দুই বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা যৌথ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘যে ঘটনাটা হয়েছে, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর আমরা মর্মাহত এবং পুলিশ বাহিনীর সবাই মর্মাহত।’ তিনি বলেন, ‘সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে- সেটি ওপর সেনা ও পুলিশ বাহিনীর আস্থা আছে।’
সেনাপ্রধান বলেন, যে ঘটনা ঘটেছে- সেটার সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটার দায়িত্ব তাদের নিতে হবে। এর দায়-দায়িত্ব কোনও প্রতিষ্ঠানের হতে পারে না। সেনাপ্রধান আরও বলেন, পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে যে আস্থা এবং বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে, সেটি অটুট থাকবে। “এ ঘটনা নিয়ে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর মধ্যে যাতে কোনও ধরণের সম্পর্কে চিড় ধরানো বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার কোনও প্রয়াস যাতে কেউ না চালায় সেজন্য সবাইকে অনুরোধ করবো,” বলেন সেনাপ্রধান।
সংবাদ সম্মেলনে সেনাপ্রধানের পাশেই বসা ছিলেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থার সম্পর্ক রয়েছে। সেনাপ্রধানের কথার প্রতিধ্বনি করে পুলিশ প্রধানও বলেন, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হবার ঘটনাটিকে আমরা ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখছি। এ ঘটনা পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে পারষ্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনও ব্যত্যয় সৃষ্টি করবে না বলে উল্লেখ করেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।
সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ঘটনাটিকে ব্যবহার করে একটি মহল পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের চিড় ধরানোর চেষ্টা করছে। এটাকে অনেকে এই সুযোগে দুই বাহিনীর মধ্যে কোন বিষয় বলে উপস্থাপনের চেষ্টা করছেন।… এই সমস্ত উস্কানি দিয়ে তারা কখনোই সফল হতে পারবে না।
একইসঙ্গে পুলিশপ্রধান বলেছেন, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে সেটির ওপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। এই কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেজন্য পরিবেশ নিশ্চিত করা হবে।

