শেখ কামালের জন্মদিন ‘একইসাথে আনন্দ ও বেদনার স্মৃতিবাহী’

শেখ কামালের জন্মদিন ‘একইসাথে আনন্দ ও বেদনার স্মৃতিবাহী’

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:১০

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর প্রথম পুত্র এবং দ্বিতীয় সন্তান শহীদ শেখ কামালের জন্মদিন একইসাথে যেমন আনন্দের, তেমনই বেদনার স্মৃতিবাহী। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘঠিত হয়েছিল, তখন পিতা বঙ্গবন্ধু, মাতা বঙ্গমাতা ও পরিবারের সদস্যদের সাথে তিনিও নির্মমভাবে শহীদ হন। বাংলাদেশে হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হোক, এটিই তার এই পবিত্র জন্মদিনে আমাদের প্রার্থনা।

তথ্যমন্ত্রী বুধবার (৫ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় বঙ্গবন্ধুর প্রথম পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে একথা বলেন। তিনি এসময় সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে, এজন্য দেশবাসীকে অভিনন্দন জানাই।

মন্ত্রী বলেন, ‘শহীদ শেখ কামাল বাংলাদেশের এক অনন্য ক্রীড়া সংগঠক যিনি আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করে বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তন করেছিলেন। সংস্কৃতিমনা এই মানুষটি সেতার বাজাতেন, গান গাইতেন, ক্রিকেট খেলতেন। তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, সংস্কৃতিমনা প্রচন্ড সম্ভাবনাময় একজন মানুষকে হারিয়েছে। তার জন্মদিনে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি।’ এসময় নিবন্ধনের জন্য ৩৪টি অনলাইন নিউজপোর্টালের প্রকাশিত তালিকার পরে আরো তালিকা আসবে কি না, সে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্তে যে প্রক্রিয়াটি আমরা অনুসরণ করছি তা হলো, যতগুলো অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের জন্য দরখাস্ত করেছে, সবগুলোর তালিকাই তদন্তসংস্থার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। সম্মিলিতভাবে তদন্ত সংস্থাগুলোর কাছ থেকে আমরা যতগুলোর ব্যাপারে অনাপত্তি পেয়েছি, তারমধ্যে দৈনিক পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ ছাড়া সকল অনলাইন নিউজপোর্টালের তালিকা আমরা প্রকাশ করেছি। দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর তালিকা আমরা পরে একযোগে প্রকাশ করবো।’

এ বিষয়ে উদ্বেগের কারণ নেই জানিয়ে ড. হাছান বলেন, ‘দেশে অনেক প্রতিষ্ঠিত এবং ভালো অনলাইনের নাম প্রকাশিত তালিকায় আপনারা পাননি, দেখেননি। আমরা তদন্ত সংস্থাগুলোকে বারবার তাগাদা দিয়েছি এবং দিচ্ছি, যাতে তারা দ্রুত প্রতিবেদন দেয়। কেউ যাতে এ নিয়ে উদ্বিগ্ন না হয়, সেজন্য এই ৩৪টির নাম প্রকাশ করার সাথে সাথে একটি বিজ্ঞপ্তিও আমরা প্রকাশ করেছিলাম। যাদের ব্যাপারেই তদন্ত সংস্থাগুলোর পক্ষ থেকে ইতিবাচক রিপোর্ট আসবে, সবাই নিবন্ধনের সুযোগ পাবে।

সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি চট্টগ্রামের মানুষ হিসেবে ধন্যবাদ জানাই যে, একজন মাঠের রাজনীতিবিদকে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছেন। তিনি একেবারেই তরুণ বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তিনি মাঠের কর্মী, সবসময় মাঠেই ছিলেন, সর্বজনশ্রদ্ধেয় ভালো মানুষ হিসেবে তার পরিচিতি রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading