করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:১০

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার (৩৫ বিলিয়ন জাপানি ইয়েন) আর্থিক সহযোগিতা দিচ্ছে জাপান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৭৬৬ কোটি টাকা। এ সংক্রান্ত একটি বিল জাপানের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুর ১টা ৫ মিনিটে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে দুই নেতা কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের কোভিড-১৯ মহামারী পরিস্থিতি সম্পর্কে পরস্পরকে অবহিত করেন।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলা এবং এর চিকিৎসায় সরকারের নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধক সরঞ্জাম- পিপিই, মাস্ক, গাউন, গগলস ইত্যাদি দেওয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে করণীয় বিষয়গুলো উঠে আসে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, জাপান সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে দুই নেতা আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও জাপানি বিনিয়োগের জন্য শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সংকট সম্পর্কেও শিনজো আবেকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এ সংকট উত্তরণে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন সরকারপ্রধান। জবাবে শিনজো আবে মিয়ানমার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে বাতিল হওয়া ‘২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক’ ২০২১ সালে জাপানে যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading