করোনায় সাবেক আইন সচিব শেখ জহিরুল হকের মৃত্যু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিন)। বুধবার (৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শেখ জহিরুল হক দুলাল করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে প্রথমে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গতকাল বুধবার রাতে তাকে মৃত্যু ঘোষণা করে লাইফ সাপোর্ট খুলে নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে জহিরুল হক দুলালের মৃতদেহ তার গ্রামের বাড়ি শাহজাদপুর উপজেলার শেরখালিতে তার বাড়িতে নেওয়া হয়েছে। জোহরের পর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত, শেখ জহিরুল হক দুলাল আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালের ৭ আগস্টে অবসরে গেলে সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে আরও ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০১৯ সালের ৭ অগাস্ট তার চুক্তির মেয়াদ শেষ হলে অবসরে যান। সাবেক প্রধানবিচারপতি এসকে সিনহার বইতে এই আইন সচিবের সঙ্গে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে নিজের মতামত লিখবেন বলেছিলেন শেখ জহিরুল হক দুলাল। কিন্তু সেই সময় আর পাননি। তার বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৫৮ সালের ৮ অগাস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্ম নেওয়া শেখ দুলাল মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ বিপুল সংখ্যক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

