বিধ্বস্ত লেবাননে জরুরি খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৪৫
লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোনও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব বিষয় অবহিত করেন।
ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশটির রাজধানী বৈরুতে গতকাল বুধবার এক ভয়াবহ বিস্ফোরণে ৪ জন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১শ’ জন বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়।
ভয়াবহ ওই বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ১৩৭ জনের মৃত্যু এবং ৫ হাজার মানুষ আহত হন। তাছাড়া বৈরুতে বসবাসকারী ৩ লাখের বেশি মানুষ ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে উল্লেখ করা হয়েছে।

