স্বাস্থ্যের পদত্যাগী ডিজি’কে দুদকে তলব
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:২৫
দুর্নীতির বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘তাকে আলাদাভাবে দু’দিন কমিশনে তলব করে আজকেই পৃথক নোটিস পাঠানো হয়েছে।’
করোনাভাইরাস মহামারীর মধ্যে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে অধ্যাপক আবুল কালাম আজাদকে আগামী ১২ অগাস্ট কমিশনের জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে। আর করোনার নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ১৩ অগাস্ট আবারও কমিশনের কার্যালয়ে যেতে বলা হয়েছে।
প্রনব বলেন, নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী নেতৃত্বে। তার স্বাক্ষরেই আবুল কালাম আজাদকে তলবের একটি নোটিস পাঠানো হয়েছে। আর রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে অনুসন্ধানের নেতৃত্বে থাকা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যার স্বাক্ষরে অন্য নোটিসটি পাঠানো হয়েছে স্বাস্থ্যের সাবেক ডিজি’কে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দেন অধ্যাপক ডা. আজাদ।

