রাজধানীর বসুন্ধরায় কনস্ট্রাকশন কোম্পানির মালিককে পিটিয়ে হত্যা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৫৯
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির মালিককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (৭ আগস্ট) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। নিহতের নাম আবুল খায়ের। তিনি সজীব বিল্ডার্স নামে একটি কনস্ট্রাকশন কোম্পানির মালিক।
পুলিশ ও স্বজনরা জানান, আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর জালাল গার্ডেনের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। একটি জমি নিয়ে তার সঙ্গে একটি পক্ষের ঝামেলা চলছিল। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিষয়টি সমাধানের জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাসায় না ফেরায় স্ত্রী ও স্বজনেরা বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানায়। কিন্তু রাতে তার সন্ধান মেলেনি। সকালে পুলিশ বসুন্ধরার এ ব্লকের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করে। সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তার মাথা থেকে মস্তিস্কের অংশবিশেষ বের হয়ে ছিল।
পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা তাকে ডেকে নিয়েছিল, কারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’ সূত্র – বাংলা ট্রিবিউন।

