বেনজীরকে ফেরাতে পুলিশ সদর দপ্তরে দুদকের প্রত্যর্পণ প্রস্তাব
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৬ জুন) ২০২৬, আপডেট ২৩:৩০
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে ফেরত আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সব ধরণের নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব (এক্সট্রাডিশন প্রপোজাল) পুলিশ সদর দপ্তরে জমা দিয়েছে।
মঙ্গলবার তদন্ত টিমের প্রধান ও দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা ঢাকায় পুলিশ সদর দপ্তরে হাজির হয়ে ইংরেজি ও আরবিতে অনুবাদ করা প্রস্তাব ও অন্যান্য নথি জমা দিয়েছেন।
দুদক সূত্রে এই খবর জানা গেছে।
দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আজ সাংবাদিকদের বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দেশে ফেরানোর বিষয়ে দুদকের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি কাল পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় প্রস্তাবের ওপর নোটারি করে একটি প্রত্যয়ণপত্র দেবে। এরপর প্রস্তাবটি আইন মন্ত্রণালয় থেকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি আজ রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে।
সবশেষে প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আজ-কালের ( দুই-একদিনের) মধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঠানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীরের বিরুদ্ধে মামলা, চার্জশিট, আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানার আদেশ, আইন-বিধিসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র ওই প্রস্তাবের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
ইউডি/এবি

