কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি ‘উধাও’

কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি ‘উধাও’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৩৫

বৃহস্পতিবার (০৬ আগস্ট) থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ এক বন্দী নিখোঁজ রয়েছেন।

কারাগারের জেল সুপার জাহানারা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও শুক্রবার বেলা ১১টা পর্যন্ত তাকে কারাগারের ভেতরে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ কয়েদি আবু বকর সিদ্দিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।

কারাগার সূত্র জানায়, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। কারা কর্তৃপক্ষের ধারণা, কারাগারটি বড় হওয়ায় কারাগারের কোথাও আবু বকর সিদ্দিক লুকিয়ে থাকতে পারেন। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করেছিলেন। তখন তিনি সেল এলাকায় সেপটিক ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার আনোয়ার হোসেন জানান, তিনিও বিভিন্ন সূত্র থেকে বন্দী না পাওয়ার বিষয়টি শুনেছেন। হয়তো কারা কমপ্লেক্সের ভেতরে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছে। খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে পরে অফিশিয়ালি তাকে জানানো হবে বা স্থানীয় থানায় জিডি করা হবে। সূত্র – এইএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading