পর্বতজয়ী রেশমা’র প্রাণ গেল রাজধানীতে মাইক্রোবাস চাপায়
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৪৫
রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না।
শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৯টার দিকে সাইক্লিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রেশমা নাহার রত্নাকে মাইক্রোবাস চাপা দিলে আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।
রেশমা নাহার রত্না পেশায় একজন স্কুল শিক্ষক। ২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় রত্নার পাহাড়ে অভিযান।

পর্বতারোহী রেশমা নাহার রত্না ২০১৯ সালে ২৪ আগস্ট ইন্ডিয়ার লাদাখে অবস্থিত স্টক কাঙ্গরি পর্বত (৬১৫৩ মিটার) এবং ৩০ আগস্ট কাং ইয়াতসে-২ পর্বত (৬২৫০ মিটার) সফলভাবে আরোহণ করেন। ২০১৮ সালে আফ্রিকার উচ্চতম পর্বত মাউন্ট কিলিমানজারো ও দ্বিতীয় উচ্চতম পর্বত মাউন্ট কেনিয়া অভিযানে অংশগ্রহণ করেন।
রেশমা’র বাড়ি নড়াইল শহরের চিত্রাপাড়ে। তার বাবা এস আফজাল হোসেন একজন বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। গত বছর নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে তিনি উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন। পর্বতারোহী ও সাইক্লিস্ট উদ্যমী এই তরুণী বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরি, আলোর ইশকুলের কর্মসূচি, পাঠচক্রসহ নানা উদ্যোগে যুক্ত ছিলেন।

