ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, চীনের সাথে অর্থনৈতিক: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৫৭
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ‘চীন বাংলাদেশকে আট হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও দেবে। এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি।’
তবে এসব বিষয়কে কেন্দ্র করে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘ভারতের সাথে সুমদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ আমাদের বিভিন্ন সমস্যা দূর হয়েছে। ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক।’
শনিবার (০৮ আগস্ট) মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
চীন ও ভারতের করোনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় এর মূল দায়িত্বে রয়েছে। আমি শুনেছি চীনা একটি কোম্পানি বিভিন্ন দেশে এ ধরনের গবেষণা করে। এটা সম্পূর্ণ গবেষণার বিষয়। আমাদের দেশের মানুষের জন্য যদি এ ভ্যাকসিন ব্যবহার করতে হয় তাহলে সেটা নিয়ে সরকার চিন্তা করবে।’
মন্ত্রী আরও বলেন, ‘ভারত-চীনের মধ্যকার সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আগামী বছর আমরা ভারতকে নিয়ে ৫০ বছর পূর্তি উৎসব করব। আমাদের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে আমাদের বিজয়।’

