সবার মাস্ক পরা নিশ্চিত করতে ‘ভ্রাম্যমাণ চালানোর নির্দেশ’

সবার মাস্ক পরা নিশ্চিত করতে ‘ভ্রাম্যমাণ চালানোর নির্দেশ’

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৫৩

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনও আলোচনা হয়নি। তবে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সব তথ্য জানান।

এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভার্চুয়াল এই বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় করোনা পরিস্থিতিতে মানুষকে আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি দেখা গেছে, মানুষের মধ্যে সচেতনতাটা কিছুটা কমে গেছে। এই সচেতনতা বাড়াতে হবে।’

সচিব বলেন, ‘এগুলো ক্যাম্পেইনে নিয়ে আসা এবং যথাসম্ভব যদি কোনও কোনও ক্ষেত্রে মোবাইল কোর্ট করা যায়। এগুলো নিয়ে কালকেও (রবিবার) সচিব কমিটিতে আলাপ-আলোচনা করে নির্দেশনা দিয়েছি। মাঠ প্রশাসনকেও বলেছি কঠোর অবস্থানে যেতে।’

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘মোবাইল কোর্ট করার ক্ষেত্রে পানিশমেন্ট যদি দেওয়া হয় এবং তা যদি প্রচার করা হয়—তাহলে মানুষ আরও কিছুটা সচেতন হবে।’ ’মাস্ক না পরার জন্য লঞ্চ স্টিমার, বাসে বা রেলে প্রতিদিন কতজন মানুষকে শাস্তি দেওয়া হলো—তা যদি প্রচার করা হয়, তাহলে মানুষ মাস্ক ব্যবহার করবে’, বলেন সচিব আনোয়ারুল ইসলাম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading