সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ গড়তেই আমাদের রাজনীতি: জাপা চেয়ারম্যান
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ২০:০৩
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ হতদরিদ্র মানুষের স্বার্থে রাজনীতি করেছেন। দেশে যেন কোনও মানুষ দরিদ্র না থাকে সেই লক্ষ্যেই ছিলো পল্লীবন্ধুর রাজনীতি। পল্লীবন্ধুর আদর্শে সন্ত্রাস, দলবাজ, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত দেশ গড়তেই আমাদের রাজনীতি।’ জাতীয় পার্টি চেয়ারম্যান সোমবার (১০ আগস্ট) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে জাকির হোসেন রোড মাঠে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণ সভা ও দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উন্নয়নের কিংবদন্তী। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে নির্বাচিত প্রতিনিধিদের অধিনে ১৮জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োজিত করে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, আমরা আবারো দেশের মানুষের মুখে হাসি ফোটাবো।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী’র সভাপতিত্বে এবং মহানগর উত্তর-এর সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পাঠান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি সভাপতি এ.এন.এম. রফিকুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক এস.এম. হাসেম, গুলশান থানা সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা লায়ন সাবিনা চৌধুরী, ছাত্র সামাজ নেতা মোস্তফা সুমন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। পরে ৫ শতাধিক দুঃস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানান জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

