জাপা নেতা’র বিরুদ্ধে ‘জমি আত্মসাতের প্রমাণ’ পেয়েছে দুদক
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৩৩
‘জাল দলিল তৈরি করে জমি দখলের’ অভিযোগে এক মামলায় ঢাকা-৬ আসনের সাংসদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (১০ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
দুদকের আদালত কমকর্তা মো. জুলফিকার বলেন, ‘এ আদালতের প্রক্রিয়া শেষে অভিযোগপত্রটি নথিপত্রসহ ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠানো হবে।’
ধানমণ্ডির ২ নম্বর সড়কে এক বিঘা মাপের যে জমি নিয়ে জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে মামলাটি হয়েছে, তা ১৯৭৯ সাল থেকে ফিরোজের ভোগদখলে। সরকারি ওই জমিসহ বাড়িটি তিনি ‘আত্মসাৎ করেছেন’ অভিযোগ করে ২০১৬ সালের ৫ এপ্রিল তেজগাঁও শিল্পঞ্চাল থানায় এ মামলা করে দুদক।
অভিযোপত্রে বলা হয়, ওই বাড়িটি সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল কানাডায় বাংলাদেশে সাবেক হাই কমিশনার মোহাম্মদ আলীকে। তিনি ১৯৭০ সালে তার দ্বিতীয় স্ত্রী বেগম আলীয়া মোহাম্মদ আলী, ছেলে সৈয়দ মাহমুদ আলী ও মেয়ে সৈয়দা মাহমুদা আলীকে বাড়িসহ ওই জমি উইল করে দিয়ে যান এবং ওই বছর মে মাসে তাদের যৌথ নামে নামজারি হয়। কিন্তু কয়েক বছর পর ফিরোজ রশীদ ওই জমি অবৈধভাবে দখল করেন এবং ১৯৭৯ সালের অগাস্টে ঢাকার তখনকার জেলা রেজিস্ট্রার এম আহমেদের সহযোগিতায় ভুয়া দাতা ও সাক্ষী সাজিয়ে জাল দলিলের মাধ্যমে নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেন।

