কোনো বাধার কাছে নতি স্বীকার করা যাবে না: এলজিআরডি মন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৫০
দেশের উন্নয়নে অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে গুনগতমান নিশ্চিত করতে সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কোন বাধার কাছে নতি স্বীকার করা যাবে না।
সোমবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় এ কথা বলেন তিনি।
অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘কাজের গুণগত মান সবসময় নিশ্চিত করতে হবে। নিম্নমানের কাজ, অনিয়ম-দুর্নীতি কোন অবস্থাতেই সহ্য করা হবে না।’
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাঠ পর্যায়ে যাবতীয় উন্নয়নমূলক কাজের গুণগত মান নিয়ন্ত্রণ করার জন্য ৬৪টি জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন করেছে। যেখানে উন্নয়ন কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা করা হয়। সেগুলো টেস্ট করার জন্য এখন আর ঢাকায় আসতে হয় না।
গ্রামীণ রাস্তাঘাট নির্মাণের সময় যাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার না হয় সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করতে মাঠ পরযায়ের প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন তিনি ।
উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই টেকসই, মানসম্পন্ন ও উৎপাদনশীল হতে হবে জানিয়ে কাজে গতি আনতে প্রত্যেক কাজের জন্য বছরের শুরুতেই একটি কর্মপরিকল্পনা তৈরির উপরও গুরুত্বারোপ করেন মো. তাজুল ইসলাম। সূত্র – ইউএনবি।

