খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালুর সিদ্ধান্ত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১০
করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়া দেশের সকল পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণ কমে যাওয়ার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। আমাদের দেশেও করোনা সংক্রমণের হার নিম্নমুখী।’
‘স্বাস্থ্য অধিদপ্তর ১০টি শর্তে মেনে সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে মতামত প্রদান করেছে,’ যোগ করেন তিনি।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত শর্তসমূহ মেনে দেশের সকল পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্র – ইউএনবি।

